সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘পঞ্চদাস অনিবার্ণ সেবা সংঘ’

আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:০৪

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদুল আযহায় গরুর মাংস ও খাদ্যদ্রব্য নিয়ে ১০০ দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পঞ্চদাস অনিবার্ণ সেবা সংঘ। এমন উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসিত হয়েছে সর্বমহলে।

প্রত্যেকটি পরিবারের মাঝে বিতরণ করা হয় একটি করে খাদ্য সহায়তা প্যাকেট। যাতে ছিল- গরুর মাংস, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ প্রয়োজনীয় কিছু নিত্যপণ‌্য। এই সহায়তা পেয়েই অনেক পরিবার ঈদকে ঘিরে কিছুটা স্বস্তি অনুভব করেছে। অনেকে জানিয়েছেন, এমন সহযোগিতা তাদের জন্য ঈদের আনন্দকে নতুনভাবে উপভোগ করার সুযোগ এনে দিয়েছে।

সংগঠনের একজন প্রতিনিধি বলেন, “আমরা সবসময়ই চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শুধু খাদ্য বিতরণ করিনি, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে একটি বার্তা দিতে চেয়েছি—যে আমরা একে অপরের পাশে আছি, থাকব।”

তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে সমাজের সামর্থ্যবানরাও অনুপ্রাণিত হোক। আসুন, আমরা সবাই মিলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই।”

পঞ্চদাস অনিবার্ণ সেবা সংঘ একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে নানা সামাজিক, মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি