তিন দিনেরও কম সময়ের মধ্যে ৭২০টিরও বেশি ইরানি সামরিক অবকাঠামোতে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
রোববার (১৫ জুন) বাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই বলেছেন, গত তিন দিনে ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তু এবং ৭২০টি সামরিক অবকাঠামোগত স্থানে হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, গত রাতে প্রায় ৫০টি যুদ্ধবিমান তেহরানে পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত অবকাঠামো এবং লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।
গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালায়। এর ফলে তেহরান কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিশোধমূলক হামলা চালায়।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৭০ জনেরও বেশি আহত হয়েছে।
ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রথম দিন ৭৮ জন নিহত হয়েছে। এছাড়া দ্বিতীয় দিন শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়।
আরব নিউজের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের আকস্মিক বোমা হামলায় বেশ কয়েকজন শীর্ষ জেনারেল এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার পর এই অঞ্চল দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত হয়ে পড়ছে। কোনো পক্ষই পিছু হটার কোনো লক্ষণ দেখায়নি। তৃতীয় দিনের মতো ইরানজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে আরও বেশি শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে নেতানিয়াহু সরকার।
