ইসরায়েলের ছোড়া মার্কিন ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আপডেট : ১৬ জুন ২০২৫, ১৫:৩০

ইসরায়েলের ছোড়া মার্কিন-নির্মিত এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকের বরাতে বার্তা সংস্থা তাস সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরান-ইরাক সীমান্তের কাছে দেহলোরান শহরের ওপর দিয়ে বিমান হামলা চালানো হয়েছে। এ সময় ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে কিছু ছবি প্রকাশ করা হয়েছে, গুলি করে ভূপাতিত করা এমকিউ-৯ রিপার ড্রোনটির ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।

এদিকে, গত রাতে দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, সেখানকার একটি ভবন মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছোড়ে ইরান। বার্তাসংস্থা রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরে বিস্ফোরণ ধরা পড়ে। ওই সময় হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ইসরায়েলি ফায়ার ও রেসকিউ সার্ভিসও জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা।

ইত্তেফাক/এসকে