ইরানে সরকার পরিবর্তন সম্পর্কে নেতানিয়াহুর বক্তব্য নিয়ে ‘সজাগ’ রাশিয়া

আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮:১৬

ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ ইরানকে সরকার পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিবৃতি সম্পর্কে ‘সজাগ’ আছে রাশিয়া। সোমবার (১৬ জুন) এক রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, 'আমরা অবশ্যই এই বিবৃতিটি দেখেছি, শুনেছি এবং পড়েছি।'

পেসকভ আরও বলেন, মধ্যপ্রাচ্যে 'যেসব কর্মকাণ্ড উত্তেজনা বিপজ্জনক বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে' তার নিন্দা জানায় রাশিয়া।

তিনি জানান, রাশিয়া ইসরায়েলি বোমা হামলার মধ্যে ইরানি সমাজের উল্লেখযোগ্য ঐক্য লক্ষ্য করছে।

প্রসঙ্গত, ১৩ জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে। আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান কয়েক ঘণ্টা পর থেকেই ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালায়। এরপর থেকে এখনো ইসরায়েলি আক্রমণ এবং ইরানের পাল্টা হামলা চলছে।

ইত্তেফাক/এসকে