ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলিদের 'সামরিক ও গোয়েন্দা স্থানের' কাছাকাছি না থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) লাইভ প্রতিবেদনে সিএনএন এ কথা জানিয়েছে।
আব্বাস আরাঘচি এক্স-পোস্টে বলেছেন, ইরানের সামরিক বাহিনী সঠিকভাবে একটি ইসরায়েলি কমান্ড, নিয়ন্ত্রণ ও গোয়েন্দা সদর দপ্তর এবং আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
তিনি বলেন, 'বিস্ফোরণ তরঙ্গ' নিকটবর্তী সোরোকা মেডিকেল সেন্টারের বাহ্যিক ক্ষতি করেছে। তিনি উল্লেখ করেন, হাসপাতালটিতে গাজায় আহত ইসরায়েলি সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ইসরায়েল দাবি করেছে, ইরান সরাসরি হাসপাতালটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইরান বলছে, তারা মেডিকেল সেন্টার ঘেঁষা একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আরাঘচি বলেন, গত সপ্তাহে ইরানি জনগণের বিরুদ্ধে ইসরায়েল তাদের অবৈধ যুদ্ধ শুরু করার পর থেকে শত শত নিরীহ ইরানিকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আমাদের জনগণকে লক্ষ্যবস্তু করা অপরাধীদের দমন করতে থাকবে, যতক্ষণ না তারা আমাদের জাতির বিরুদ্ধে তাদের অপরাধমূলক আগ্রাসন বন্ধ করে।
সিএনএন জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল শুক্রবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় যাবেন।
