ইরানের একটি সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ সাইটে মজুদ থাকা বেশিরভাগ ইউরেনিয়াম স্থানে স্থানান্তরিত করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনা এবং ফোর্দোসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক মার্কিন হামলার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানান্তরিত ইউরেনিয়ামের সঠিক অবস্থান জানানো হয়নি।
এর আগে রোববার (২২ জুন) ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ভারী বোমা হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় 'সফল আক্রমণ' চালিয়েছে।
হামলার পর ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মাদিও জানিয়েছেন, ফোর্দো পারমাণবিক স্থাপনা অনেক আগেই খালি করে ফেলা হয়েছিল এবং হামলায় কোনো 'অপরিবর্তনীয় ক্ষতি' হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোহাম্মাদি লেখেন, 'যুক্তরাষ্ট্রের হামলা ইরান আগে থেকেই প্রত্যাশা করেছিল। তাই সেটি আগেই খালি করা হয়েছে।'
তিনি আরও লেখেন, দুইটি বিষয় নিশ্চিত: প্রথমত, জ্ঞানকে বোমা দিয়ে ধ্বংস করা যায় না এবং দ্বিতীয়ত, এবার জুয়াড়িরা হারবে।
