দেশের স্বনামধন্য বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পেগাসাস লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের সম্মানিত পরিচালক মনিকা নাজনীন ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করেন। পাদুকা শিল্পের সঙ্গে জড়িত দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত পরিবেশকবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন পেগাসাস লেদার লিমিটেডের হেড অফ সেলস মো. আব্দুল মালেক, যমুনা গ্রুপের এইচআর ডিরেক্টর মো. আফসার উদ্দিন, পেগাসাস লেদারের জিএম (ফ্যাক্টরি) ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যবসায়িক পরিকল্পনা, বাজার কৌশল এবং নতুন পণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রমে মুখরিত ছিল এই সম্মেলন। এতে বাটা, এপেক্স, বে, লোটো, পান্ডার মতো দেশের জনপ্রিয় ব্র্যান্ডের পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
পেগাসাস লেদারস লিমিটেড, ৩০ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে উচ্চমানের লেদার সামগ্রী উৎপাদন ও বিপণন করে আসছে। এই সম্মেলনের মাধ্যমে পরিবেশকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
