খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্লাস আপাতত শুরু হচ্ছে না। ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ এবং বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছে কুয়েট শিক্ষক সমিতি।
সোমবার (২৩ জুন) কুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, ‘ভিসি ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কোনো কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। তাই অবিলম্বে একজন ভিসি নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আপাতত ক্লাস শুরু হচ্ছে না।’
প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা বলেন, ‘আমরা ক্লাস শুরু করতে চাই, কিন্তু নেতৃত্ব ছাড়া সেটা সম্ভব নয়। একাডেমিক ক্যালেন্ডার পাস, ক্লাস শুরুর সময় নির্ধারণ—এসবের জন্য ভিসির উপস্থিতি জরুরি।’
টানা চার মাস ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে ৬ হাজারের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের পক্ষ থেকেও একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানিয়ে রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়েছে। তারা উল্লেখ করেন, ১০১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

