সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার ভারত-চীনের

আমরা প্রতিদ্বন্দ্বী নই, বরং অংশীদার: ভারত প্রসঙ্গে চীন

আপডেট : ২৪ জুন ২০২৫, ১৬:৫৮

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন ও ভারত। সোমবার (২৩ জুন) চীনের বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যকার এক বৈঠকে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়াং জানিয়েছেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষের জন্যই যোগাযোগ আরও উন্নত করা, পারস্পরিক আস্থা তৈরি করা এবং বাস্তব সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে একসঙ্গে কাজ করা জরুরি।

তিনি বলেন, উভয় পক্ষকেই এ বিষয়টি মেনে চলা উচিত যে আমরা একে অপরের জন্য হুমকি নই, বরং উন্নয়নের সুযোগ; আমরা প্রতিদ্বন্দ্বী নই, বরং অংশীদার—এর মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে।

ওয়াং আরও বলেন, উভয় দেশকে সুসম্পর্কপূর্ণ প্রতিবেশী হিসেবে একে অপরের সঙ্গে আচরণ করতে হবে, পারস্পরিক স্বার্থে কাজ করতে হবে এবং দুটি প্রাচীন মহান সভ্যতার ইতিহাস ও প্রজ্ঞা প্রদর্শনের মাধ্যমে সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলা করে সীমান্তে শান্তি ও স্থিতি বজায় রাখতে হবে।

তিনি আরও জানান, বেইজিং ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলিতে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং বিভিন্ন স্তর ও ক্ষেত্রে বিনিময় ও যোগাযোগ জোরদার করা দরকার।

অজিত ডোভাল চীন সফর করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সদস্য রাষ্ট্রগুলোর জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টাদের এক বৈঠকে অংশ নিতে, যা একটি আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক জোট।

ওয়াং-ডোভাল বৈঠকের পর সোমবার দিল্লি থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ ভারত-চীন সম্পর্কের সার্বিক উন্নয়ন, বিশেষ করে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

ইত্তেফাক/এমএএস