মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৫ জুন) ইরানের ওপর তার হামলা এবং জাপানে মার্কিন পারমাণবিক বোমা ব্যবহারের মধ্যে তুলনা করেছেন। তিনি বলেন, উভয়ই যুদ্ধের সফল অবসান ঘটাতে ব্যবহৃত হয়েছিল। লাইভ প্রতিবেদনে সিএনএন এ খবর জানিয়েছে।
ট্রাম্প নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে বলেন, 'আমি হিরোশিমার উদাহরণ দিতে চাই না। আমি নাগাসাকির উদাহরণ দিতে চাই না, কিন্তু এটি মূলত একই জিনিস যা যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছিল।'
তিনি আরও বলেন, 'আমরা যদি এটি না করতাম, তাহলে তারা এখনো যুদ্ধ করত।'
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যখন তার হামলার তাৎপর্য তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন, তখন এই মন্তব্যগুলো এলো। তিনি দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে দেওয়া হয়েছে।
ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ট্রাম্প আরও বলেন, 'আমি মনে করি না তারা আর কখনো এটা করবে। তারা কেবল নরকের মধ্য দিয়ে গেছে।'
