এফবিসিসিআই নির্বাচন: শওকত আজিজ রাসেলকে আবদুল হাই সরকারের সমর্থন

আপডেট : ২৫ জুন ২০২৫, ১৬:৫৬

২০২৫-২৭ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর। এ নির্বাচনকে ঘিরে সভাপতি পদে লড়াইয়ে ইচ্ছুক প্রার্থীরা সাবেক এফবিসিসিআই সভাপতি ও সম্ভাব্য ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। 

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদে  সমর্থন জানিয়েছেন ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার।

আরও সমর্থন জানিয়েছেন, বিটিএমএ-এর সাবেক প্রেসিডেন্ট এ মতিন চৌধুরী, জাহাঙ্গীর আলামিন এবং মোহাম্মদ আলী খোকন। এর পাশাপাশি শওকত আজিজ রাসেলকে বিটিএমএ-এর ভাইস প্রেসিডেন্ট মো. শামীম ইসলাম এবং মো. সালেউদ্দ জামান খান সমর্থন জানান।

এছাড়াও সমর্থন জানান বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ কসমেটিকস ও টয়লেট্রিজ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন 

আরও সমর্থন জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) সম্মানিত পরিচালকবৃন্দ।

গত ১৮ জুন এফবিসিসিআই নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড। তফশিল অনুযায়ী, আগামী ২ জুলাই বিকাল ৫টার মধ্যে সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে এফবিসিসিআই’র সাধারণ পরিষদের জন্য মনোনীত প্রতিনিধিদের তালিকা পাঠাতে হবে। এর প্রেক্ষিতে ১৮ জুলাই নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৬ জুলাই।

সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ আগস্ট। তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ শেষে ১৪ আগস্ট নির্বাচন বোর্ড এসব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ আগস্ট। ওই দিনই এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

ইত্তেফাক/এএইচপি