ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি ঢাবি শিক্ষার্থীদের

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২১:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন গৌতম কুমার এডবর নামে রাজধানীর ভাষানটেকের এক ব্যক্তি। তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার এ মানববন্ধনের ডাক দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—ব্যরিস্টার সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও তার জীবনের নিরাপত্তা জোরদার, সোশ্যাল মিডিয়াতে যারা সুমনের  কার্যক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট আইনজীবীকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।