আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল অনুমোদন দিল ইরানের অভিভাবক পরিষদ

আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:৪২

ইরানের পার্লামেন্টে পাস হওয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত বিলটি অনুমোদন করেছে ইরানের অভিভাবক পরিষদ। বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ বিল অনুমোদনের কথা জানান।

নাজিফ বলেন, অভিভাবক পরিষদের সদস্যরা আইএইএ'র সঙ্গে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন এবং এটি ইসলামী নীতি ও সংবিধানের পরিপন্থী নয় বলে মনে করেছেন।

তিনি আরও বলেন, এই প্রস্তাবের ভিত্তিতে জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং দেশের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে জায়নবাদী সরকার এবং যুক্তরাষ্ট্র কর্তৃক ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে আক্রমণ, সেই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বার্থের বিপন্নতার কথা বিবেচনা করে সরকার আইএইএ'র সাথে যে কোনো সহযোগিতা স্থগিত করতে বাধ্য - যতক্ষণ না ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার নীতিগুলো পূরণ হয়। বিশেষ করে পারমাণবিক বিজ্ঞানীদের কেন্দ্রগুলোর নিরাপত্তা এবং অ-বিস্তার চুক্তির ৪ অনুচ্ছেদে বর্ণিত সমস্ত অধিকার থেকে উপকৃত হওয়ার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তর্নিহিত অধিকার নিশ্চিত করার বিষয়ে।

ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র জোর দিয়ে বলেন, এই বিষয়গুলোর সিদ্ধান্ত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে থাকবে।

এর আগে গতকাল গতকাল আইএইএ'র সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনাটি ইরানের পার্লামেন্টে অনুমোদিত হয়েছে।

ইত্তেফাক/এসকে