জাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ইমন-তানজিম

আপডেট : ২৬ জুন ২০২৫, ২১:৩৯

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন সভাপতি ও ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী তানজিম আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে জাবি সংসদের ৩৩তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সাবেক সভাপতি আলিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। তিনি নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি প্রগতিশীল, ‘ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি’ এই মূলনীতিতে বিশ্বাসী ছাত্র ইউনিয়ন সব ধরণের বৈষম্য, সাম্প্রদায়িকতা, দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। আমরা একটি নিরাপদ, মানবিক ও মুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ। সময় এসেছে একত্রে দাঁড়িয়ে শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক ক্যাম্পাস বাস্তবায়নের জন্য আন্দোলনে যুক্ত হওয়ার। আর আমি তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।’

সাধারণ সম্পাদক তানজিম আহমেদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, ছাত্র আন্দোলন কেবল ক্যাম্পাসের দাবি নিয়েই নয়, বরং গণতন্ত্র, সাম্য, ধর্মনিরপেক্ষতা এবং মানবিক সমাজ নির্মাণের বৃহৎ সংগ্রামের অংশ। আজকের রাজনৈতিক বাস্তবতায় যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষার অধিকার ও পরিবেশ রক্ষা সংকটে; সেখানে ছাত্র ইউনিয়নের ভূমিকাও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিসর রক্ষা, একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, জীববৈচিত্র্য রক্ষণে লড়াই এবং শিক্ষার্থীদের যাবতীয় মৌলিক সমস্যা নিয়ে কাজ করে যাব।’

কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাইসুল হক, কাওছার আহমেদ ও অণিবা। সাধারণ সম্পাদক তানজিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ ও আদিত্য। সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান ফয়সাল, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা, শিক্ষা ও গবেষনা সম্পাদক নিরব পাটোয়ারি, সমাজকল্যাণ সম্পাদক মেধা চৌধুরী, সদস্য আলিফ মাহমুদ, সাইফুল ইসলাম এবং আল আরাফ। কমিটির আরও দুটি সদস্যপদ শূন্য রয়েছে, যা পরবর্তী সময়ে পূরণ করা হবে বলে জানানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি