জামালপুরের মেলান্দহে প্রয়াত বিএনপি নেতার স্মরণসভার প্রচার মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ভাঙচুরের অভিযোগ উঠেছে খোদ সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধেই। এ ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে চাপা অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে মেলান্দহের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুন বিকেলে মেলান্দহ অডিটোরিয়াম চত্বরে সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমানের স্মরণসভার আয়োজন করা হয়। এই স্মরণসভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রচারণার মাইক চলছিল।
ওই সভায় বিএনপির সাবেক তথ্য-গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আমন ফেরদৌস, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজম খানসহ কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা।
আনিস স্মৃতি সংসদের আহবায়ক আজম খান জানিয়েছেন, ২৬ জুন বিকেল ৪টার দিকে আমাদের প্রচার মাইক মালঞ্চ এলাকায় গেলে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক গাজী রাশেদুজ্জামান মশিউরসহ আরও কয়েকজনে আমাদের প্রচার মাইক ভাংচুর করেছে। বিষয়টি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবিরকে জানিয়েছি।
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত বিএনপি নেতা মশিউরের মোবাইল বন্ধ পাওয়া গেছে।
বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির জানিয়েছেন, আজম খান আমাকে মাইক ভাঙচুরের বিষয়টি জানিয়েছেন। মশিউরের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় ঘটনার সত্যতা জানতে পারছি না।
