ঢাবির মলচত্বরে তরুণীর ফাঁস নেওয়ার চেষ্টা

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৯:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে এক তরুণীর গলায় ফাঁস দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে সময়মতো উপস্থিত প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার কিছু পর বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া তরুণীর নাম সুরাইয়া আক্তার প্রাপ্তি (২০)। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মলচত্বরের একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রাপ্তি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আশপাশের লোকজন দ্রুত তার কাছে ছুটে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পাঠাই। মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি ঢাকার পথে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মেয়েটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তবে তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

চিকিৎসাধীন অবস্থায় প্রাপ্তি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পুলিশ ও প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

ইত্তেফাক/এনএন