ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে নিজেরা তৈরি করা যৌন উত্তেজনাপূর্ণ ভিডিও সরাসরি সম্প্রচার ও বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার এবং রেকর্ড করে বিক্রি করা হতো। লাইভ দেখতে প্রতি দর্শককে ২ হাজার রুপি, আর রেকর্ড করা ভিডিও পেতে ৫০০ রুপি দিতে হতো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মাল্লিকার্জুন নগরের ওই দম্পতির বয়স যথাক্রমে ৪১ ও ৩৭ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক। তবে সহজে অধিক অর্থ উপার্জনের আশায় স্ত্রীকে সঙ্গে নিয়ে যৌথভাবে এই অনৈতিক কর্মকাণ্ডে জড়ান।
পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে নিজেদের অন্তরঙ্গ সম্পর্ক ভিডিও আকারে প্রচার করে আসছিলেন। ভিডিওতে নিজেদের মুখ দেখা না যাওয়ার জন্য তারা মাস্ক ব্যবহার করতেন। একইসঙ্গে উচ্চমানের ক্যামেরা, মোবাইল অ্যাপ ও প্রযুক্তির সহায়তায় ভিডিওগুলো তৈরি ও সম্প্রচার করতেন তারা।
গোপন সূত্রে তথ্য পেয়ে হায়দরাবাদ পুলিশের পূর্ব জোন টাস্ক ফোর্স বৃহস্পতিবার (২৬ জুন) ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের বাসা থেকে ভিডিও ধারণে ব্যবহৃত হাই-ডেফিনেশন ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, ভিডিও বিক্রি করে এই দম্পতি ওই ব্যক্তির ক্যাবচালকের আয় থেকে কয়েকগুণ বেশি অর্থ উপার্জন করতেন। মূলত তরুণ-তরুণীদের টার্গেট করে তৈরি এসব ভিডিও বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো।
গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং এর সঙ্গে যুক্ত অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
