২০১৬ সালে অভ্যুত্থানের চেষ্টাকারী এবং দেশে নিষিদ্ধ সংগঠন এফইটিও-এর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ৩৬১ জনকে আটক করেছে তুরস্কের পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এ কথা বলেছেন।
ইয়েরলিকায়া এক্স-পোস্টে লিখেছেন, 'এফইটিও (FETO) সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আমরা মোট ৩৬১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। গত দুই সপ্তাহ ধরে দেশের ৪৬টি প্রদেশে এই অভিযান পরিচালিত হয়েছে।'
তিনি আরও বলেন, 'এফইটিও-এর সামরিক, গোপন, আর্থিক এবং শিক্ষাগত কাঠামোর মধ্যে কার্যকলাপ পরিচালনা, সংগঠনের মধ্যে যোগাযোগ সহজতর করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারণা ছড়িয়ে দেওয়া এবং সিভিল সার্ভিসে ভর্তি পরীক্ষায় প্রতারণা করার জন্য এই ব্যক্তিদের ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছিল।'
আটককৃতদের মধ্যে কয়েকজন 'বাইলক' মোবাইল অ্যাপের ব্যবহারকারী বলে জানা গেছে। অ্যাপটি সংস্থাটির ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদানের জন্য সক্রিয়ভাবে ব্যবহার করা হয়।
২০১৬ সালের ১৫-১৬ জুলাই একদল সামরিক কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তি তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা করে। দুই দিনের এই সংঘর্ষে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২২০০ জন আহত হয়।
