তেহরানে বিস্ফোরণ

এমিরেটসের ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়ল ৫ জুলাই পর্যন্ত

আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:৩৯

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকস্মিক এই ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ঘটনার জেরে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স তেহরানগামী ও তেহরান থেকে ছাড়ার সব ফ্লাইট ৫ জুলাই পর্যন্ত বাতিলের ঘোষণা দিয়েছে। শনিবার (২৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, 'আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তেহরানে আমাদের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত ৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ইরানে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।'

তবে এমিরেটস জানিয়েছে, ১ জুলাই থেকে বাগদাদ ও ২ জুলাই থেকে বসরায় পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।

বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা এমিরেটসের ফ্লাইট বাতিলের ফলে ইরানের আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হতে পারে, কারণ দেশি-বিদেশি অনেক যাত্রী এই সংস্থার ওপর নির্ভরশীল।

স্থানীয় সূত্র এবং গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, তেহরানের ইসলামশহর এলাকায় আকাশে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান চালানো হয়, যার আগে-পরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের পশ্চিমাঞ্চলের বিদগানে এলাকাটি একটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত, যা আগেও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল।

ঘটনার সময় ইরানে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় নিহত ৬০ জন উচ্চপর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছিল, যাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল বাড়ানো।

বিস্ফোরণের কারণ এবং প্রকৃতি নিয়ে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিস্ফোরণ এবং প্রতিরক্ষা হামলার চিত্র ও তথ্য ছড়িয়ে দিয়েছেন।

ইত্তেফাক/আইএ