সুনামগঞ্জে ১৯ পিস ইয়াবাসহ আটক মো. আমিরুল হক এনাম নামের এক আইনজীবীসহ দুই জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ এ রায় দেন। আমিরুল হক এনামের সঙ্গে তাজ আলীকেও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
আমিরুল হক এনামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তাজ আলী শহরের বড়পাড়ার আহম্মদ আলীর ছেলে।
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার বিকালে অ্যাডভোকেট মো. আমিরুল হক এনামের ভাড়া বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাসা থেকে ১৯ পিস ইয়াবা ও ইয়াবা সেবনেরর উপকরণ উদ্ধার করা হয়। পরে মোহাম্মদপুর এলাকার পার্শ্ববর্তী আলীপাড়া সড়ক থেকে সহযোগী তাজ আলীসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হবে।
আমিরুল হক এনাম সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী বলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাহারুল ইসলাম।
