চিঠি পাঠিয়ে চাঁদা দাবি!

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৪৭

ওসমানীনগর পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠিয়ে এক প্রবাসী পরিবারের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ বিষয়ে উপজেলার দয়ামীর ইউনিয়নের তাজপুর গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী আব্দুল হকের মা হনুফা বিবি ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন নতুন বাজার পোস্ট অফিসের পিয়ন প্রবাসী আব্দুল হকের নামে আসা চিঠিটি তার বাড়িতে নিয়ে গেলে হনুফা বিবি তা গ্রহণ করেন। চিঠির খামে প্রেরকের নাম শাহ আলম ও সিলেট শহরের টিলাগড় উল্লেখ করা হয়েছে। হাতে লেখা এ চিঠিতে আব্দুল হকের মাকে উদ্দেশ করে চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে বিশ লাখ টাকা সংগ্রহ করে ঘরে রাখার জন্য বলা হয়েছে। শাহ আলম নামের ঐ ব্যক্তির লোকজন বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসবে। অন্যথায় তাদের মারত্মক ক্ষতি সাধন করা হবে।

প্রবাসীর মা বলেন, চিঠিতে পড়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি। বিষয়টি আমার ছেলেকে ফোনে জানাই।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আল মামুন বলেন, এ বিষয়ে সাধারণ ডায়েরি করার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।