মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট, মুন্সিবাজারসহ বিভিন্ন স্থানে অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত অভিযানে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সিলেট আর্মস ব্যাটালিয়ন পুলিশ ফোর্স। অভিযানকালে চৈত্রঘাটে অবস্থিত জননী ভেরাইটিজ স্টোরকে এক হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত শ্রাবণী স্টোরকে তিন হাজার টাকা, জহির ট্রেডার্সকে দুই হাজার টাকা, মানিক মিয়ার সবজির দোকানকে এক হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বিক্রয়সহ অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেওয়ার অপরাধে এসকল জরিমানা করা হয়। তাছাড়া শ্রাবণী স্টোরে রাখা নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য ধ্বংস করা হয়।
মাধবপুর(হবিগঞ্জ)সংবাদদাতা জানান, মাধবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে স্থানীয় ধান বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন্ধন বেকারিকে ১৫ হাজার, ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার, ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরকে ৬ হাজার এবং কাজল ব্রাদার্স নামক মুদির দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
