পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:৪৮

নাঙ্গলকোটে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম শিমরান(১)। স্থানীয়রা জানান, নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল গ্রামের সৌদি প্রবাসী সোলাইমানের মেয়ে শিমরান ঐদিন পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী গোত্রশাল দীঘিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে দীঘিতে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, হোসেনপুরে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. রাহুল মিয়া(৭)। সে উপজেলার সিদলা ইউনিয়নের চরবিশ্বনাথপুর-ভাটিপাড়া এলাকার মো. জালালউদ্দিনের ছেলে। খবর পেয়ে পরিবারের লোকজন ডোবা  থেকে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।