ঢাকার সব ভবনে কার্যকর সৌরপ্যানেল নিশ্চিতে হাইকোর্টের রুল

আপডেট : ৩০ জুন ২০২৫, ১৭:১৯

ঢাকা শহরের সব আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছাদে স্থাপিত বিদ্যমান সৌরপ্যানেলসমূহ কেন সচল নয়, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ভবিষ্যতে প্রতিটি ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সৌরপ্যানেল স্থাপন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নেওয়া আন্তর্জাতিক ও জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

রুলের পাশাপাশি এক অন্তর্বর্তীকালীন আদেশে হাইকোর্ট রাজউক ও স্রেডাকে ঢাকা শহরের সব ভবনে ইতোমধ্যে স্থাপিত সৌরপ্যানেলসমূহ সচল করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিভাগ, রাজউক ও স্রেডাকে ছয় মাসের মধ্যে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দায়েরকৃত জনস্বার্থ মামলার (নং ৭২৬৪/২০২৫) প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বেলা জানায়, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে অব্যবহৃত ছাদগুলোতে সৌরপ্যানেল স্থাপনের মাধ্যমে কেন্দ্রীয় গ্রিডের ওপর চাপ কমিয়ে, নবায়নযোগ্য শক্তি ব্যবহারে সহায়ক হওয়া সম্ভব। অথচ বহু স্থাপনায় সৌরপ্যানেল স্থাপন হলেও তা অকার্যকর অবস্থায় পড়ে আছে।

উল্লেখ্য, সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি ভবনসমূহের ছাদে সৌরপ্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের এই নির্দেশনা তা বেসরকারি খাতেও সম্প্রসারিত করল।

বেলায় পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এস. হাসানুল বান্না এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

ইত্তেফাক/এএম