বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তার পরবর্তী সময়কার গভর্নররা আসলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করেননি। বরং তারা সরকারের পক্ষ থেকে কার্যত ‘এজেন্ট’ হিসেবে কাজ করেছেন।
সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
সাবেক গভর্নর বলেন, 'আগে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলত সরকারের নির্দেশ ও আদেশ অনুযায়ী। গভর্নরেরা আসলে গভর্নর ছিলেন না। দুঃখজনক হলেও বলতে হয়, তাঁরা ছিলেন সরকারের এজেন্ট। এখন অবশ্য সেই পরিস্থিতি নেই।'
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে একটি প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, 'আমি দুদক নিয়ে কিছু বলতে চাই না। তাদের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। সেটা তাদের কাছেই জিজ্ঞেস করবেন। তবে এখন সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো হস্তক্ষেপ হচ্ছে না—আপনারা সেটা খেয়াল করবেন।'
এ সময় তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংকে এখন অনেক কিছু বদলে গেছে। আগে অর্থ মন্ত্রণালয় থেকে যেকোনো নির্দেশনা পাঠালে তা বাধ্যতামূলকভাবে কার্যকর হতো। কিন্তু আমার সময় বাংলাদেশ ব্যাংক অনেকটাই স্বাধীনভাবে চলত।'
এনবিআরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের সাম্প্রতিক অনুসন্ধান নিয়ে প্রশ্ন উঠলে উপদেষ্টা বলেন, 'আপনারা ভাবতে পারেন কেন এই সময়েই এসব হচ্ছে। শুধু এনবিআর নয়, অনেকেই আমার কাছে এসে বলছেন—তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নানা রকম জটিলতায় পড়েছেন। এসব বিষয় দুদক খতিয়ে দেখবে, এটা তাদের দায়িত্ব।'
