আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেল। টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার। ৩ বছরের চুক্তিতে টোফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার যুক্ত হচ্ছেন বিসিবিতে।
সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিসিবিতে সাইমন টোফেলকে যুক্ত করা প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। সে নানান দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করে। এমনকি সে আইসিসির সঙ্গেও যুক্ত। তার সঙ্গে আমরা ৪-৫ মাস—অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডে।’
তিনি আরও বলেন, ‘সাইমন টোফেলের সঙ্গে আমাদের ৩ বছরের চুক্তি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কাজ করা হবে। এটা নিয়ে আমরা ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার তৈরি করবো যারা সারাদেশে আম্পায়ারদের উন্নতিতে কাজ করবে। এখানে উনার প্রতিনিধি দল আসবেন এবং পুরো প্রোগ্রামটা করবেন। তবে আসা-যাওয়ার মধ্যে থাকবেন তিনিও। এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। সে নিজেও এটার মধ্যে আছেন। এখন কোন প্রক্রিয়ায় কাজ হবে সেটা আসলে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনারা প্রশ্ন করতে পারবেন।’
১৯৯৯ সালে সাইমন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টও আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে যান। ২০০৩–২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন তিনি। আইসিসির মেগা ইভেন্টের বড় সব ম্যাচ ও অ্যাশেজ সিরিজের মতো রোমাঞ্চকর লড়াইয়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ২০০৪–২০০৮ পর্যন্ত আইসিসির টানা পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার হওয়ার অনন্য রেকর্ড গড়েন এই অস্ট্রেলিয়ান আম্পায়ার।
