থ্রি-জিরো পলিসি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫:৩৪

"থ্রি-জিরো পলিসি" — অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসইইউ-এর স্কুল অব বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ ও এসইইউ ডিবেট ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণ করেন ছয়টি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, কূটনীতিক, শিল্প বিশেষজ্ঞ ও যুবনেতারা।

সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান, যিনি তার বক্তব্যে গ্রামীণ ব্যাংক প্রকল্প গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। অধিবেশনটির সভাপতিত্ব করেন এসইইউ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে অংশগ্রহণমূলক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রুফটপ সৌর প্যানেল স্থাপন বিষয়েও তিনি আলোকপাত করেন।

সম্মানিত অতিথি হিসেবে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান জনাব রেজাউল করিম।

এই সম্মেলনের মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সাউথইস্ট ইউনিভার্সিটি।

ইত্তেফাক/এএম