কেরানীগঞ্জে সড়ক সংস্কার: বারবার সময় বাড়ানোর পরও চলছে খোঁড়াখুঁড়ি

আপডেট : ০১ জুলাই ২০২৫, ২০:০৮

কেরানীগঞ্জের মাত্র ৫৩৪ মিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ প্রায় এক বছর পার হলেও এখনও শেষ হয়নি। চারবার সময় বাড়ানো হয়েছে, তবুও কাজের গতি ধীরতার কারণে স্থানীয়রা দিন দিন কষ্টে পড়ছেন।

কেরানীগঞ্জ মডেল থানা, জিনজিরা পিএম পাইলট স্কুল ও আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে চলা সংস্কার কাজের কারণে সড়কে বড় বড় গর্ত ও ভাঙা অংশের সৃষ্টি হয়েছে, যা চলাচলকে বিপজ্জনক করে তুলেছে।

সড়ক সংস্কারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান লরিন এন্টারপ্রাইজ প্রথমে দুই দফা সময় বাড়ানোর পর কাজ অসম্পূর্ণ রেখে সরে যায়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ওমর শাহনেওয়াজ কাজের তৃতীয় দফায় দায়িত্ব নেন এবং চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন।

কেরানীগঞ্জ মডেল থানার এক কর্মকর্তা জানান, সড়কের বেহাল দশার কারণে থানায় আসা জনসাধারণের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরুরি সেবা পৌঁছাতে দেরি হচ্ছে, যা বড় সমস্যা সৃষ্টি করেছে।

স্থানীয়রা বলছেন, বৃষ্টির দিনে সড়ক আরো খারাপ হয়ে যায় এবং এতে শিক্ষার্থীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

ওমর শাহনেওয়াজ বলেন, আমরা চেষ্টা করছি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে। এলাকাবাসীর দুর্ভোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম জানান, বিগত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। বর্তমানে নতুন দায়িত্বে থাকা দল কাজ দ্রুত শেষ করতে আন্তরিক।

ইত্তেফাক/এএইচপি