চাকরি পরীক্ষা ও চিকিৎসার প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাব। ক্লাবের উদ্যোগে ঢাকার কাজীপাড়ায় উদ্বোধন করা হয়েছে একটি গেস্ট হাউজ, যেখানে গোবিপ্রবির শিক্ষার্থী, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে থাকার ও খাওয়ার সুযোগ পাবেন।
এই গেস্ট হাউজটি ক্লাবের সাবেক সভাপতি এবং নতুন কাগজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হবে। শিক্ষার্থীরা চাকরি পরীক্ষার অথবা চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ দুই (২) দিন সেখানে অবস্থান করতে পারবেন। এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে গেস্ট হাউজটির উদ্বোধন করেন গোবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও লিবার্টি নিউজের বার্তা সম্পাদক তারিক লিটু, সাবেক সভাপতি আলিফ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আর এস মাহমুদ হাসান, ক্লাবের বর্তমান সহ-সভাপতি তানিম কাজি শুভ এবং কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন লিমন।
প্রেসক্লাব সূত্র জানায়, দ্বিতীয় একটি গেস্ট হাউজের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যা শিগগিরই উদ্বোধন করা হবে।
উদ্বোধনী দিনেই গেস্ট হাউজে অবস্থান করা বোটানি বিভাগের শিক্ষার্থী সোহেল রানা বলেন, “আমি ঢাকায় এসেছি গ্রামীণ ব্যাংকের পরীক্ষার জন্য। আমার সঙ্গে বিভাগের আরও দুজন এখানে উঠেছে। এটি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি উদ্যোগ।”
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে হওয়ায় চাকরি পরীক্ষা বা চিকিৎসার প্রয়োজনে ঢাকায় যেতে হয়। সেখানে থাকার ব্যবস্থা না থাকায় আমরা অনেক সময় সমস্যায় পড়ি। এই গেস্ট হাউজ আমাদের সেই সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখবে।”
সাবেক সভাপতি আলিফ বলেন, “অনেক শিক্ষার্থী তাদের সমস্যার কথা আমাকে জানিয়েছিল। আমি ঢাকায় এসে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছি। ভবিষ্যতে আমার পরিকল্পনা রয়েছে উত্তরা, মিরপুর, শাহবাগ, ফার্মগেট ও ধানমন্ডিতে আরও ৫টি সুপার হোম চালুর, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামমাত্র মূল্যে থাকতে পারবেন—ইনশাআল্লাহ।”
