বন্যার সময় সরকার ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে :নাসিম

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২৩:৫১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বন্যাদুর্গত মানুষের উদ্দেশে বলেছেন, প্রাকৃতিক যে কোনো দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী জনগণের পাশে আছে এবং থাকবে।  যতক্ষণ পর্যন্ত বন্যার পানি সরে না যাবে ততক্ষণ বন্যাকালীন আওয়ামী লীগ সরকার প্রতিটি ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে।

গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরে দিনভর বানভাসি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি প্রথমেই যান খাসরাজবাড়ি ও নাটুয়ারপাড়া ইউনিয়নে। সেখানে তিনি বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং যমুনার ভাঙন পরিস্থিতি সরেজমিন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি উপস্থিত দুর্গত মানুষের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল দুর্গত এলাকায় আসেননি। তারা ঢাকায় বসে শুধু বক্তৃতা-বিবৃতি দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। পানি নেমে গেলে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন কাজ শুরু হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।