নাটোর শহরের আলাইপুর এলাকায় একটি ফার্নিচার কারখানার ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে আলাইপুর মারকাজ মসজিদের পেছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম ইয়াসিন (১২)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে এবং নাটোর শহরের সুপার ফার্নিচার কারখানার শ্রমিক হিসেবে কাজ করত।
কারখানার অপর শ্রমিক মোহাম্মদ অন্তর জানান, “গত কয়েকদিন ধরে ইয়াসিন বাড়ি যেতে চাচ্ছিল। কান্নাকাটি করছিল। বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না। আজ সকালে অন্য শ্রমিকরা কাজে এলেও ইয়াসিন আসেনি। পরে আমরা খোঁজ নিতে গেলে বাড়ির বারান্দার ডাপের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখি।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
