সোনারগাঁওয়ে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক দুই

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।  গতকাল মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী। এর আগে সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে রাস্তায় চলাচলরত যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইক থামিয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—সোনারগাঁওয়ের হাবিবপুর এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে সোহেল (৪২) ও উলুকান্দি এলাকার মৃত মোস্তফার ছেলে মিজানুর রহমান (৩৮)।  এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬ হাজার ৩২০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

র্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকায় চৌরাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, টেম্পো, ব্যাটারিচালিত ইজিবাইক ইত্যাদি চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে গাড়ি প্রতি ৫০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। আটককৃতরা এরূপ অপতত্পরতা পূর্বে থেকেই করে আসছে মর্মে স্বীকার করে।