ফরেনসিক ও ফ্যাক্টওয়াচের উদ্যোগে ইউল্যাবে ফ্যাক্ট-চেকিং কর্মশালা

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২২:৩০

দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ডিজিটাল ফরেনসিক ল্যাব ফরেনসিক এর আয়োজনে এবং ফ্যাক্টওয়াচ এর সহায়তায় ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালাটিতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাতে-কলমে শিখেছে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া খবর, বিভ্রান্তিকর ছবি ও ভিডিও শনাক্ত ও বিশ্লেষণ করতে হয়।

এছাড়া কর্মশালায় এআই (AI) দ্বারা তৈরি কনটেন্ট বিষয়েও বিস্তর আলোচনা হয়। কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও বানানো হয়, সেগুলো শনাক্ত করতে ফ্যাক্টচেকাররা কী পদ্ধতি ব্যবহার করেন, এবং শিক্ষার্থীরা নিজেরাও কীভাবে এইসব কনটেন্ট যাচাই করতে পারে - এসব বিষয়ে বাস্তব উদাহরণসহ বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের সক্ষমতা অর্জনে সহায়তা করা এবং কমিউনিটিতে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে তাঁদের সক্রিয় করে তোলা। তথ্য বিশ্লেষণ ও ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে একটি সচেতন নাগরিক সমাজ গঠনে ফরেনসআইকিউ কাজ করে যাচ্ছে।

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুমন রহমান কর্মশালায় উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের বিভ্রান্তিমূলক তথ্য এবং গুজবের বিরুদ্ধে সচেতন ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান।

ফরেনসআইকিউ ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ এর একটি আউটরিচ প্রোগ্রাম, যা মিডিয়া লিটারেসি ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করছে।

ইত্তেফাক/এমএএম