চট্টগ্রামের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড মা-মেয়ে নিহত ১৫টি ঘর ছাই

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:৩২

মহানগরীর মধ্যম হালিশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে আগুনে পুড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো গৃহবধূ নাসিমা আক্তার (৩৫) এবং তার মেয়ে লামিয়া (৭)। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মা ও তার শিশু সন্তান বেরিয়ে আসতে না পেরে ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বলে স্থানীয় সূত্রগুলো জানায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী ইত্তেফাককে বলেন, মধ্যম হালিশহরের মাহবুব আলী কলোনি নামে পরিচিত নিম্ন আয়ের মানুষের বসতবাড়িতে এই আগুন লাগে। আগুনের উত্পত্তি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডিআইডি ফরিদ আহমদ চৌধুরী ঘটনাস্থলে বলেন, যেসব আধাপাকা ও কাঁচাঘর ভস্মীভূত হয়েছে এগুলোর মালিক স্থানীয় দুই ব্যক্তি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তিনি বলেন, আগুন লাগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনে রাত ৯টা ৩০ মিনিট নাগাদ।