মাতৃগর্ভে গুলিবিদ্ধ মাগুরার শিশু সুরাইয়ার প্রতিবন্ধী হয়ে ওঠার খবরে সরকার তার চিকিত্সার ভার নেওয়ার কথা জানিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা শহরতলীর দোয়াপাড়ে সুরাইয়ার বাড়ি গিয়ে জেলা প্রশাসক আলী অকবর একথা জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় কেক কেটে সুরাইয়ার জন্মদিনও পালন করা হয়।
২০১৫ সালের ২৩ জুলাই সন্ধ্যায় দোয়াপাড় এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম। এ সময় তাঁর গর্ভে থাকা শিশুটিও গুলিবিদ্ধ হয়। ঐ রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারে সুরাইয়ার জন্ম হয়। সুরাইয়ার ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বাম চোখও নষ্ট হওয়ার পথে। পা দুটিও ধীরে ধীরে অকেজো হয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক ও তার দপ্তরের ঊর্ধ্বতন কর্তকর্তারা কেক, নতুন পোশাক, খেলনা ও বিভিন্ন খাবার নিয়ে সুরাইয়ার জন্মদিন পালন করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ঢাকায় নিয়ে সুরাইয়ার চিকিত্সাসহ সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক আলী অকবর। তিনি বলেন, ‘চার বছর পূর্ণ হওয়া সুরাইয়া চিকিত্সার অভাবে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মঙ্গলবার বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়, যা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে।’
এ সংবাদের সূত্র ধরেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোনে সুরাইয়াকে ঢাকায় এনে যথাযথ চিকিত্সা ও পরিবারটির সার্বিক সহযোগিতা দিতে বলা হয় মাগুরা জেলা প্রশাসনকে। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে তাঁর বাড়ি গিয়ে সুরাইয়া ও তার পরিবারের খোঁজখবর নেওয়া হয়।
সুরাইয়ার চিকিত্সায় সহযোগিতা দেওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন সুরাইয়ার মা নাজমা বেগম। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। একইসঙ্গে জেলা প্রশাসক ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
