সিটি ব্যাংক ও আইবিএ’র মধ্যে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এর চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:৫২

কর্পোরেট নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় চালু হতে যাচ্ছে একটি বিশেষায়িত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’। আইবিএ প্রাঙ্গণে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

এটি বাংলাদেশে প্রথমবারের মতো কোনো শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম প্রধান একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নের যৌথ উদ্যোগ।

চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএ’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা। অনুষ্ঠানে সিটি ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আইবিএর শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করবেন আইবিএর অভিজ্ঞ অনুষদ সদস্য ও ব্যাংকিং খাতের খ্যাতনামা বিশেষজ্ঞরা। এতে অংশগ্রহণকারীরা কৌশলগত পরিকল্পনা, পরিবর্তন ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ–সংক্রান্ত বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগটি তাদের দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতমুখী নেতৃত্ব গঠনে এ উদ্যোগ তাদের অঙ্গীকারের প্রতিফলন।

ইত্তেফাক/এএইচপি