রাজধানীতে অগ্নিদগ্ধ দুই সাংবাদিক

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০০:৩৯

রাজধানীর মগবাজার চৌরাস্তায় একটি দোকানে বিস্ফোরণে দুই সাংবাদিক অগ্নিদগ্ধ হয়েছেন। এরা হলেন, এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট  ফজলুল হক শাওন (৫৪)।  গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।  তাদের দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিক্যাল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনের মুখমন্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালিসহ ২৪ শতাংশ ও সুজনের শরীরের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

আহত শাওন জানান, সন্ধ্যায় তারা দুইজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ অন করার সময় দোকানের ভিতরে বিস্ফোরণে তারা দুজন দগ্ধ হন।  পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে বার্ন ইউনিটে নিয়ে যায়।