সুরক্ষিত ভবিষ্যতের পথে ‘গেমচেঞ্জার’ গোল্ড

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২১:৩৬

সামাজিক মাধ্যমে স্ক্রল করতে গিয়ে উদ্যোক্তা তাহরিম তাবাসসুমের নজরে আসে গোল্ডে বিনিয়োগ নিয়ে একটি ভিডিও। সেই ভিডিও থেকেই তিনি জানতে পারেন, মাত্র ৫০০ টাকা দিয়ে এখন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই গোল্ড কেনা সম্ভব। বিষয়টি তার মনে কৌতূহল জাগায়। পরবর্তীতে, তিনি এ বিষয়ে ভালোভাবে খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে অ্যাপটি ডাউনলোড করেন এবং অল্প অল্প করে বিনিয়োগ শুরু করেন।

একপর্যায়ে ১ গ্রাম গোল্ড জমে গেলে তিনি অ্যাপ থেকেই ‘গোল্ড উত্তোলন’-এর অনুরোধ করেন। পরবর্তীতে, গোল্ড ডেলিভারি পাওয়ার পরপরই তিনি তা যাচাই করতে চলে যান স্থানীয় গয়নার দোকানে। সেখানে গোল্ডটি আসল বলেই প্রমাণিত হয় এবং এভাবেই তার গোল্ডে বিনিয়োগের যাত্রা শুরু হয় ‘গোল্ড কিনেন’ অ্যাপের মাধ্যমে।

এর মাধ্যমে তাহরিমের সঞ্চয়ের অভ্যাসটাই বদলে যায়। আগে ব্যাংক বা বিকাশে টাকা রাখলে তা কোথায় খরচ হয়ে যেত, তিনি বুঝতেই পারতেন না। কিন্তু এখন সেই অর্থ তিনি ব্যয় করছেন গোল্ডে বিনিয়োগ ও সঞ্চয়ে।

তিনি বলেন, “আগে টাকা থাকলে তা এটা-সেটা কিনে শেষ হয়ে যেত। এখন যদি দেখি গোল্ডের দাম বাড়বে, সঙ্গে সঙ্গে অ্যাপের মাধ্যমে অল্প হলেও গোল্ড কিনে ফেলি। এতে লাভও হয়, আর অযথা টাকা খরচ হয় না।”
তিনি মনে করেন, গোল্ডে বিনিয়োগ শুধু সঞ্চয় নয়, বরং একটি স্মার্ট আর্থিক সিদ্ধান্ত।

বিনিয়োগের মাধ্যম হিসেবে গোল্ডকে সবসময়ই নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা ও শেয়ারবাজারের অনিশ্চয়তার মাঝেও সাধারণত গোল্ডের মূল্যমান স্থিতিশীল থাকে।

বরং সময়ের সঙ্গে সঙ্গে গোল্ডের দাম বেড়েই চলেছে। যেমন—২০১৬ সালের জানুয়ারিতে যেখানে ২২ ক্যারেট গোল্ডের ভরির দাম ছিল প্রায় ৪২,৫০০ টাকা, সেখানে ২০২৫ সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪,৪৬৮ টাকায়।

তাই বলা যায়, গোল্ড শুধু একটি অলংকার নয়, বরং একটি দীর্ঘমেয়াদী আর্থিক বিনিয়োগ, যা অন্যান্য বিনিয়োগ মাধ্যমের তুলনায় অনেকটাই স্থিতিশীল। তবে, গোল্ডে বিনিয়োগ ও সঞ্চয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন থাকা উচিত। যেমন—বাজারদর, বৈশ্বিক চাহিদা এবং যে মাধ্যমে বিনিয়োগ করবেন, তা কতটা নিরাপদ—এসব বিবেচনা করে ধাপে ধাপে এগোনো জরুরি।

বর্তমান সময়ে ক্ষুদ্র উদ্যোক্তা ও তরুণ পেশাজীবীদের জন্য আর্থিক সঞ্চয় একটি বড় চ্যালেঞ্জ। বড় অঙ্কের জমি কেনা কিংবা ব্যাংকে দীর্ঘমেয়াদি ডিপোজিট রাখা সবার পক্ষে সম্ভব নয়। তবে অ্যাপ-ভিত্তিক এই ছোট ছোট বিনিয়োগও ভবিষ্যতের জন্য স্থিতিশীল সঞ্চয় গঠনে ভূমিকা রাখতে পারে।

তাহরিমের অভিজ্ঞতার মাধ্যমে দেখা যায়, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে গোল্ড হতে পারে একটি কার্যকর ‘গেমচেঞ্জার’। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে, ছোট একটি পদক্ষেপই আপনাকে নিয়ে যেতে পারে একটি নিরাপদ ভবিষ্যতের পথে।

ইত্তেফাক/আইএ