এলাকায় জলাবদ্ধতা হলে ফোন করার অনুরোধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৩:১৯

অব্যাহত বৃষ্টিপাতে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার ( ৯ জুলাই) দক্ষিণ সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করার কারণে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসসহ হালকা বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ছাড়া, ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা গেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে–০১৭০৯৯০০৮৮৮ জানানোর জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।

 

ইত্তেফাক/পিএস