চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ও সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী পারভেজ।
মঙ্গলবার (৮ জুলাই) নগরের চকবাজারে অনুষ্ঠিত এক জরুরি সদস্য সমাবেশে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
সমাবেশে কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন। তিনি নবনির্বাচিতদের সাংগঠনিক শপথ পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান।
সংগঠনের সূত্রে যানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মাদ আলীকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ আলী।
নতুন এই কমিটির নেতৃত্ব পেয়ে ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী বলেন, সবার দোয়া ও ভালবাসা পরামর্শে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ যুগ ধরে যে ইতিহাস ঐতিহ্য রয়েছে, তার ধারাবাহিকতা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।
এ প্রসঙ্গে ছাত্রশিবিরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, আরও নতুন নতুন কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি, আমরা সেভাবেই চিন্তা করছি এবং কাজ করে যাবো ইনশাল্লাহ।
এদিকে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মদ ইব্রাহিমও উপস্থিত ছিলেন।
