স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নিয়োগ

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৮:০২

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ইদ্রিসা কামারাকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ দিয়েছে।

তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে একজন ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ লিডার হিসেবে ইদ্রিসা পৃথিবীর বিভিন্ন দেশে সফলতার প্রমাণ রেখেছেন। ২০০৩ সালে সিয়েরা লিওনে স্ট্যান্ডার্ড চার্টার্ডে তাঁর যাত্রা শুরু হয় এবং কর্মজীবনে তিনি সিএফও-সহ বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

২০১৩ সালে তিনি সিয়েরা লিওন কমার্শিয়াল ব্যাংকের (দেশটির বৃহত্তম ব্যাংক) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হন। পরে, ২০১৫ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিয়েরা লিওনের সিইও হিসেবে পুনরায় যোগ দেন।

সম্প্রতি তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্যামেরুনের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকটির রূপান্তর ও ‘প্রজেক্ট ক্রাউন’-এ গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, 'ইদ্রিসা কামারাকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করার আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যোগদান আমাদের জন্য একটি বড় সুযোগ, এবং আমরা বিশ্বাস করি খুব শিগগিরই ব্যাংক তাঁর অবদান প্রত্যক্ষ করবে।'

ইদ্রিসা সিয়েরা লিওনের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর অধীন অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (ACCA)-এর একজন ফেলো। তিনি অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। কাজের বাইরে তিনি বই পড়া, ফুটবল দেখা এবং নিজের বাড়ির অ্যাকুয়ারিয়াম রক্ষণাবেক্ষণ করতে পছন্দ করেন।

ইত্তেফাক/আইএ