আপনি এত ভালো ইংরেজি শিখলেন কোথায় — লাইবেরিয়ার প্রেসিডেন্টেকে ট্রাম্প

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬:১৭

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোকাইয়ের ইংরেজি দক্ষতা শুনে প্রকাশ্যেই বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, 'আপনি এত সুন্দর ইংরেজি কোথা থেকে শিখেছেন'—যা অনেক লাইবেরিয়ানের চোখে অপমানজনক ও ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে ধরা পড়েছে।

বুধবার (৯ জুলাই) হোয়াইট হাউসে আফ্রিকার পাঁচজন রাষ্ট্রপ্রধানকে আতিথ্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বোকাইয়ের ঝড়ঝড়ে ইংরেজি শুনে ট্রাম্প প্রকাশ্যে তার প্রশংসা করেন, তবে সেই প্রশংসার ভঙ্গি ছিল অনেকটাই অবজ্ঞাসূচক।

তিনি বলেন, 'আপনার ইংরেজি দারুণ! আপনি কোথা থেকে শিখেছেন? এই টেবিলে এমন লোকও আছে, যারা তেমন করে কথা বলতে পারে না।'

প্রেসিডেন্ট বোকাই তখন জানান, তিনি লাইবেরিয়াতেই শিক্ষাগ্রহণ করেছেন। উল্লেখ্য, লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি এবং দেশটি ১৮২২ সালে আমেরিকান কলোনাইজেশন সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। যাদের উদ্দেশ্য ছিল মুক্ত আফ্রিকান আমেরিকানদের আফ্রিকায় পুনর্বাসন। ১৮৪৭ সালে দেশটি স্বাধীনতা লাভ করে।

ট্রাম্পের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ লাইবেরিয়ার বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে আফ্রিকানদের প্রতি পশ্চিমা বিশ্বের ঔদ্ধত্য ও অসচেতন মানসিকতার প্রতিফলন বলে মনে করছেন।

লাইবেরিয়ার এক তরুণ আইনজীবী আর্চি টেমেল হ্যারিস সিএনএনকে বলেন, 'আমাদের দেশ ইংরেজিভাষী। ট্রাম্পের প্রশ্নটা আমার কাছে প্রশংসা নয়, বরং অপমানজনক মনে হয়েছে। পশ্চিমা বিশ্ব এখনো আমাদের গ্রাম্য ও অশিক্ষিত ভাবে—যা বাস্তবতা নয়।'

ইত্তেফাক/আইএ