জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের ‘পক্ষে অবস্থান নেওয়া’ শিক্ষক সমিতি ও নীল দলের শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ কয়েকটি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে সাদা দলের শিক্ষকেরা এ দাবি জানান।
তাদের অন্য দাবিগুলো হল, ১) নীল দলের (বিবৃতিতে সই করা) শিক্ষকদের অবিলম্বে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা। ২) পতিত সরকারকে সমর্থনকারী জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টকে অবিলম্বে প্রত্যাহার করা। ৩) আগের প্রশাসনের সময় যেসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আছে, সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোরকম স্থায়ীকরণ অথবা পদোন্নতি অথবা কোনো সুবিধা না দেওয়া। ৪) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে অবিলম্বে বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
দাবি বাস্তবায়নে সাত দিন সময় দিয়েছে সাদা দল। নাহলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, ‘সম্প্রতি ফাঁস হওয়া একটি রেকর্ডে আপনারা দেখেছেন, জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই গণহত্যার হুকুমদাতা ও তার পৃষ্ঠপোষকদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যেসব চিহ্নিত দোসর রয়েছে, তারা গতকাল (বুধবার) একটি বিবৃতি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এই দাবিতে আগামী রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির কথা জানান আবুল কালাম সরকার।
সাদা দলের এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘গত বছরের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গণভবন থেকে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন ও পরামর্শ দিয়েছেন, নিজেদের ‘‘বুদ্ধিজীবী’’ পরিচয়ে তাকে সহায়তা করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
