বন্যায় বাড়িঘর প্লাবিত হওয়ায় প্রাণ বাঁচাতে ফেনীর ছাগলনাইয়া থেকে খাগড়াছড়ির রামগড়ে নানা বাড়ি এসেছিল মিনহাজ (৮)। কিন্তু বন্যা থেকে বাঁচতে নানা বাড়ি এসে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে শিশুটি।
শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রামগড় পৌরসভার ফেনী নদীর তীরবর্তী ফেনীরকূল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় মিনহাজের সন্ধান পায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ছাগলনাইয়া এলাকাটি বন্যায় প্লাবিত হয়। এরপর দক্ষিণ সত্তের গ্রামের বাসিন্দা কাজী মনজুর তার স্ত্রী জাহেদা ও শিশুপুত্র কাজী মিনহাজকে বৃহস্পতিবার রামগড়ের ফেনীরকূল গ্রামে শশুরবাড়িতে পাঠিয়ে দেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মিনহাজ নানা বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ফেনীনদীর পাড়ে খেলছিল। এ সময় সে পা পিছলে নদীতে পড়ে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু প্রবল স্রোতের কারণে দীর্ঘ প্রায় চার ঘণ্টায় শিশুটির সন্ধান পায়নি তারা।
রামগড় ফায়ার সাভিন স্টেশনের ইনচার্জ বিশান্ত বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। তবে নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ পুরোদমে চালানো সম্ভব হচ্ছে না। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ৮ সদস্যের ডুবুরিদল আনা হয়েছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।
