ফিল্মের এক উঠতি নায়িকার পেছনে ছুটছেন বাবু। আর তা তিনি করছেন চতুর্থবারের মতো বিয়ে করার জন্য। তবে বাস্তবে নয়, ফজলুর রহমান বাবুকে এমনটা করতে দেখা যাবে একটি নাটকে। আসছে ঈদের জন্য নির্মিত সাত পর্বের এ ধারাবাহিক নাটকের নাম ‘মফিজের লাইফস্টাইল’। নাটকটির গল্পে দেখা যাবে, একে একে তিন বিয়ে করেছেন ফজলুর রহমান বাবু অভিনীত চরিত্র মফিজ। এখন চতুর্থ বিয়ে করার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি। মফিজের তিন বউ বাসায় বাসায় কাজ করে টাকা আয় করে। আর মফিজ তাঁদের টাকায় আয়েশী জীবনযাপন করছেন। তিন বউয়ের চরিত্র তিন রকম। তাঁদের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া-খুনসুটি হয়। এসব বিষয় নিয়ে বিড়ম্বনায় আছেন মফিজ। এছাড়া পাশের বাড়ির দারোয়ান প্রতিদিন তাঁর তিন বউকে পটাতে ব্যস্ত। এহেন পরিস্থিতিতে চতুর্থ বিয়ে করার জন্য উদ্যোগী হন মফিজ। সে লক্ষ্যেই ছুটতে থাকেন ফিল্মের এক উঠতি নায়িকার পেছনে। প্রতিদিন তাঁকে নানা উপহার দিয়ে বিয়ে করার চেষ্টা করতে থাকেন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। এতে আরো অভিনয় করেছেন ফারজানা ছবি, নাদিয়া আহমেদ, সানজিদা তন্ময়, মিলন ভট্ট, দিলু মজুমদার, তানভীর মাসুদ, মীর শহীদ, সুস্মি আহসান। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম শাহীন।
