সমন্বিত বিনিয়োগ পলিসি তৈরি করবে বিডা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৭

বাংলাদেশে বিনিয়োগ বাড়ছে। গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে,  বিনিয়োগের এই ধারাকে আরো যুগোপযোগী করার জন্য বিভিন্ন  অংশীজনের সঙ্গে মতবিনিময় করে সমন্বিত বিনিয়োগ পলিসি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বর্তমানে এটি খসড়া পর্যায়ে রয়েছে। পরবর্তী বোর্ড সভায়  চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। বিডার সার্বিক  কার্যক্রম পর্যালোচনার এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। গতকাল অনুষ্ঠিত ঐ বৈঠকের বিষয়ে বিডা জানিয়েছে এই বিনিয়োগ পলিসির মাধ্যমে সমস্ত দেশি-বিদেশি  বিনিয়োগসংক্রান্ত বিষয় একটি নির্দিষ্ট আইনগত কাঠামোর ভেতরে চলে আসবে। ফলে সহজেই বিনিয়োগ কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে। বর্তমানে কিছু কিছু আইন বিনিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও বিনিয়োগবান্ধব ভবিষ্যত্ বাংলাদেশের জন্য  স্বতন্ত্র সমন্বিত বিনিয়োগ আইনের বিকল্প নেই।