ভোটাধিকার ফিরে পেতে চায় জনগণ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না: মোস্তফা জামান

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:২১

ভোটাধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ—আর সেই অধিকার হরণ ও নির্বাচনী ষড়যন্ত্র আর বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা হাজী মোঃ মোস্তফা জামান। তিনি বলেন, গত ১৫ বছর ধরে দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন তারা আবারও তাদের নাগরিক অধিকার ফিরে পেতে চায়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

তিনি আরও বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার জানে, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না। তাই বারবার জনগণের অধিকার হরণ করেছে। এখন কিছু ইসলামি দল, নতুন রাজনৈতিক মুখ ও প্রশাসনের একটি অংশ নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র বরদাশত করবে না।

মোস্তফা জামান বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসব। এজন্য আমাদের সুসংগঠিত ও দৃঢ় থাকতে হবে। যারা চাঁদাবাজি, দখলবাজি কিংবা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদেরও বহিষ্কার করতে হবে।

তুরাগ থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, তহিরুল ইসলাম তুহিন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি