ডিজিটাল নিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৪০

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,  নতুন প্রজন্মের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রাতিষ্ঠানিক নিরাপত্তা  কেবল ডিজিটাল যুগেরই নিরাপত্তা না, ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য। ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ব্যাপ্তি অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটি একটি পাসওয়ার্ডে সীমাবদ্ধ থাকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তিনি  এই লক্ষ্যে ডিজিটাল যুগের উপযোগী মানবসম্পদ তৈরি করতে ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট একাউন্ট বাংলাদেশ (আইসিএমএ,বি)-কে  কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তার জায়গায় আপস করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বাংলাদেশ যত ডিজিটাল হচ্ছে, ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি তত বাড়ছে। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

মন্ত্রী মঙ্গলবার রাতে ঢাকায় আইসিএমএ,বি মিলনায়তনে আইসিএমএ,বি আয়োজিত ‘সিপিডি প্রোগ্রাম অন ম্যানেজিং দ্য সাইবার সিকিউরিটি রিস্কস: দ্য রোল অব ম্যানেজমেন্ট একাউন্টস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় গত ১০ বছরের অগ্রগতির তুলনামূলক চিত্র এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক ডিজিটাল শিল্পবিপ্লবের ফলে বিশ্ব যত বেশি ডিজিটাল হচ্ছে, বিশ্ব তত বেশি ডিজিটাল অনিরাপদ হচ্ছে। আমরা বর্ডারহীন অপরাধের জগতে প্রবেশ করছি। ইন্টারনেট নিরাপদ রাখতে ২৪ হাজার পর্নো সাইট ও বিপজ্জনক লিংক সরকার বন্ধ করেছে। ব্যক্তিগত গুজব ছড়ানোকারী এবং উসকানিমূলক স্ট্যাটাস মুছে ফেলার প্রযুক্তি আগামী তিন মাসের মধ্যে চালু করা সম্ভব হবে বলে জানান টেলিযোগাযোগমন্ত্রী।