বরিশালের চাঁদপুরা ইউপি চেয়ারম্যান মেম্বারকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

ইত্তেফাক রিপোর্ট

ভিজিডি চাল আত্মসাতের মামলায় বরিশালের সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ আমান ও মেম্বার মো. জাহাঙ্গীর হোসেন খানকে জামিন দেননি হাইকোর্ট। তাদের আগামী ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ভিজিডি কার্ডধারী ২৫১ জনের মধ্যে এক লাখ ৮২ হাজার ৪২৬ টাকা মূল্যমানের ৫ মে. টন চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গত ২৭ নভেম্বর বরিশাল বন্দর থানায় মামলা করে দুদক। এ মামলায় গতকাল হাইকোর্টে হাজির হয়ে জামিন চান তারা। তাদের পক্ষে আইনজীবী শেখ আতিয়ার রহমান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে একেএম ফারহান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।