জবির দুই ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা, ৩ জনকে বহিষ্কার

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০১:৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট বিভাগে হামলার ঘটনায় দুই সাবেক ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও ৩ জন বর্তমান শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোঃ শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া দুই সাবেক শিক্ষার্থী হলেন রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান এবং একই শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম। সাময়িক বহিষ্কার হওয়া তিন বর্তমান শিক্ষার্থী হলেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ, বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হাসান ইমান। এছাড়াও ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল হাকিম কে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে তার নামে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহীদ সাজিদ ভবনের নীচতলায় সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। এসব শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনায় তাৎক্ষণিকভাবে প্রবেশ নিষেধাজ্ঞা ও বহিষ্কার করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে মারধর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মী। তাঁরা রফিকের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। এ সময় রফিককে রক্ষায় এগিয়ে গেলে ছাত্রকল্যাণ পরিচালক এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামও হামলার শিকার হন। ওই সময় ছাত্রদলের নেতা–কর্মীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম আহ্বায়ক মো. ফারুকের ওপরও ছাত্রদল হামলা করেন বলে অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এমএএম